আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইলে বাংলা এসএমএস বা ক্ষুদে বার্তা খরচ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। গ্রামীন ফোন ও টেলিটকেরা গ্রাহকরা একুশের প্রথম প্রহর থেকেই এই সুবিধা পাচ্ছেন। আগামী ১৫ মার্চ রবি এবং ৩১ মার্চ থেকে এই সুবিধার আওতায় আসবেন বাংলা লিংকের গ্রাহকরা।
শনিবার বিটিআরসি মিলনায়তনে সংযুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বিটিআরসি, অ্যামটব এবং মোবাইল অপারেটরদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন, গ্রামীণফোন সিইও ইয়াসির আজমান, বাংলালিংক সিইও এরিক অস, রবি’র চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস বিভাগের কমিশনার প্রকৈাশলী মোঃ মহিউদ্দিন আহমেদ,বিটিআরসির লীগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন, স্পেকট্রাম বিভাগের কমিশনার এ.কে.এম শহীদুজ্জামান, মহাপরিচালক (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসাইন, মহাপরিচালক (স্পেকক্ট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদুল আলম, মহাপরিচালক (ইএন্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবির, মহাপরিচালক (লীগ্যাল এন্ড লাইসেন্সিং) আশীষ কুমার কুন্ডু , মহাপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) প্রকৌশলী মোঃ মেসবাহুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাভাষার জন্য রক্ত দিয়ে বাংলাভাষা ভিত্তিক বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর আমাদের নৈতিক দায়িত্ব সর্বত্র বাংলা চালু করা। তিনি মোবাইলে বাংলা এসএমএস এর মূল্য অর্ধেক করায় বিদেশি তিনটি মোইল কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, তারা বাণিজ্যের প্রতি না তাকিয়ে বাংলার প্রতি তাকিয়েছেন, বঙ্গবন্ধু এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, মোট জনসংখ্যার চেয়ে বেশি অর্থাৎ দেশে প্রায় ১৭কোটি মোবাইল সংযোগ রয়েছে। কেবল শিক্ষিত শ্রেণি মোবাইল ব্যবহার করে তেমনটিও নয়।
তিনি সার্বজনীন বোধগম্য ভাষায় মোবাইল এসএমএস কে একটি কার্যকরী যোগাযোগ হিসেবে আখ্যায়িত করেন এবং মোবাইল অপারেটরদের পক্ষ থেকেও গ্রাহকদের জন্য পাঠানো এসএমএস বাংলায় পাঠানোর পরামর্শ দেন। মোবাইল অপারেটরগণ গ্রাহকদের বাংলায় এসএমএস পাঠানোর অঙ্গিকার ব্যক্ত করেন।
কম্পিউটারে বাংলাভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার মাতৃভাষা হিসেবে বাংলাকে পৃথিবীর চতুর্থতম মাতৃভাষা হিসেবে উল্লেখ করে বলেন, পৃথিবীর ৩৫কোটি মানুষের ভাষা হচ্ছে বাংলা। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে বাংলাভাষাভাষী মানুষ নাই।
হলহ্যাড নামে একজন ইংরেজ বৃটিশ শাসনামলে ফার্সির বদলে বাংলাকে রাষ্ট্রভাষা এবং পরবর্তিতে ১৯১৮ সালে ড. মোহাম্মদ শহিদুল্লাহ বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবি করেছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কেবল বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার আন্দোলন করেননি, তিনি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিদেশিদের সাথে যোগাযোগ ছাড়া সর্বত্র বাংলায় দাপ্তরিক যোগাযোগের বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর জানিয়ে মন্ত্রী বলেন, ইন্টারনেটে বাংলা লেখার ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিলো কিন্তু আইক্যান ও ইউনিকোডের সাথে সরকারের সুদৃঢ় উদ্যোগের ফলে আমরা তা অতিক্রান্ত করতে সক্ষম হয়েছি।
বক্তারা বাংলায় এসএমএস এর মূল্য অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।